সংক্ষেপে: গৃহপ্রবেশের শুভ দিন ২০২৭: বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা (১৪৩৩) মতে জানুয়ারি থেকে মধ্য-এপ্রিলের মধ্যে গৃহপ্রবেশের দিন মাত্র চারটি, সবকটাই ফাল্গুনে: ১৮ ও ১৯ ফেব্রুয়ারি, ১০ ও ১১ মার্চ ২০২৭। পৌষ, মাঘ আর চৈত্রে কোনও দিন নেই। এপ্রিলের পরের দিনগুলো আসবে ১৪৩৪ সালের নতুন পঞ্জিকায়, বেরোলে এখানে জুড়ে দেব।
আমি সৌরভ সেন, বাস্তু আর বৈদিক জ্যোতিষ নিয়ে কাজ করি ২০১৬ থেকে। নতুন ফ্ল্যাটের চাবি হাতে আসার পর বাঙালি পরিবারের প্রথম প্রশ্নই থাকে, কবে ঢুকব। এই পাতায় সেই উত্তর বাংলা পঞ্জিকা ধরে দিলাম, সঙ্গে ঢোকার দিন বাড়িটা কীভাবে দেখে নেবেন তার একটা ছোট তালিকা।
গৃহপ্রবেশের শুভ দিন ২০২৭: ফাল্গুনের চার দিন
| বাংলা তারিখ | ইংরেজি তারিখ | বার | পঞ্জিকায় দেওয়া সময় |
|---|---|---|---|
| ৫ ফাল্গুন ১৪৩৩ | ১৮ ফেব্রুয়ারি ২০২৭ | বৃহস্পতিবার | দুপুর ২:৪১ পর্যন্ত |
| ৬ ফাল্গুন ১৪৩৩ | ১৯ ফেব্রুয়ারি ২০২৭ | শুক্রবার | সকাল ৯:০২ পর্যন্ত |
| ২৫ ফাল্গুন ১৪৩৩ | ১০ মার্চ ২০২৭ | বুধবার | আলাদা সময়সীমা দেওয়া নেই |
| ২৬ ফাল্গুন ১৪৩৩ | ১১ মার্চ ২০২৭ | বৃহস্পতিবার | দুপুর ২:৪৪ পর্যন্ত |
সময় কলকাতার হিসেবে। চারটে দিনই পঞ্জিকার গৃহপ্রবেশের তালিকা থেকে নেওয়া, আর আরও একটা আলাদা সূত্রের সঙ্গে মিলিয়ে দেখেছি; দুটোয় দিন এক। প্রতিটা দিনের সময়সীমা অবশ্য একটা সূত্রেই পেয়েছি, তাই সেগুলো পঞ্জিকা মিলিয়ে নিশ্চিত করা হবে।
খেয়াল করুন, ১৯ ফেব্রুয়ারির শুভ সময় শেষ হবে সকাল ন’টার একটু পরেই। ওই দিন ধরলে ভোরে উঠে কলস নিয়ে ঢুকতে হবে। হাতে সবচেয়ে বেশি সময় থাকবে ১০ মার্চ। আর চারটেই সপ্তাহের মাঝের দিন, তাই অফিসে ছুটির কথা আগে বলে রাখুন।
এ বছরই ঢুকতে চাইলে ১৪৩৩-এর অগ্রহায়ণে এখনও তিনটে দিন বাকি: ২০ নভেম্বর (দুপুর ২:২০ পর্যন্ত), ৯ ডিসেম্বর আর ১৪ ডিসেম্বর ২০২৬।
হিন্দি পঞ্জিকার তালিকার সঙ্গে মিলবে না কেন
বেঙ্গালুরু, দিল্লি বা পুনেতে থাকা বাঙালি পরিবার অনেক সময় ফ্ল্যাটের বিল্ডার বা প্রতিবেশীর কাছ থেকে উত্তর ভারতের পঞ্চাঙ্গের তালিকা পান। সেখানে ফেব্রুয়ারি-মার্চে দশটার বেশি দিন থাকে, যেমন ১০, ১১, ১৫, ২২ ফেব্রুয়ারি। বাংলা পঞ্জিকায় সেগুলোর বেশিরভাগই নেই। দুটো তালিকাতেই আছে কেবল ১০ আর ১১ মার্চ। আর ১৮, ১৯ ফেব্রুয়ারি শুধু বাংলা পঞ্জিকায়।
এটা ভুল নয়, দুটো আলাদা রীতি। বাংলা পঞ্জিকা সৌর মাস ধরে চলে, পৌষ আর চৈত্রে গৃহপ্রবেশ রাখে না, আর দিন বাছার নিয়মও তার নিজের। আপনার বাড়ির পুরোহিত যে পঞ্জিকা মানেন, সেটাই ধরুন, দুটো তালিকা মিশিয়ে দিন খুঁজবেন না। উত্তর ভারতের রীতিতে ২০২৭-এর দিনগুলো কীভাবে বাছি, সেটা ইংরেজিতে লিখেছি griha pravesh muhurat 2027 পাতায়।
পঞ্জিকার দিন পেলেন, এবার কার কুণ্ডলী
পঞ্জিকা বলে কোন দিন গৃহপ্রবেশের যোগ্য। কোন দিন আপনার পরিবারের পক্ষে ভালো, সেটা বলে বাড়ির মালিক বা কর্তার কুণ্ডলী। আমি দেখি সেই দিন তাঁর জন্মনক্ষত্র থেকে তারাবল আছে কিনা, চন্দ্রবল কেমন, আর চতুর্থ ঘর, মানে বাড়ির ঘর, তখন কোন দশার ছায়ায়। চারটে দিনের মধ্যে যেটা সবচেয়ে ভালো বসে, সেটা বেছে ঢোকার একটা সময়ও বলে দিই। পুজো করবেন আপনাদের পুরোহিত; আমি পুজো বা কোনও আচার করি না।
ঢোকার দিন বাস্তুর ছোট তালিকা
গৃহপ্রবেশ এক সকালের ব্যাপার, কিন্তু ঘরগুলোর ব্যবহার থেকে যাবে বছরের পর বছর। তাই কলস নিয়ে ঢোকার আগে খালি ফ্ল্যাটটা একবার এভাবে ঘুরে দেখুন।
- দিকটা নিজে মাপুন। সদর দরজায় দাঁড়িয়ে ভেতরের দিকে মুখ করে ফোনের কম্পাস ধরুন, লিফট আর লোহার গ্রিল থেকে একটু দূরে। বেঙ্গালুরুর ফ্ল্যাটে প্রায়ই দেখি, বিল্ডার “পূর্বমুখী” বলে বিক্রি করেছে, আসলে বাড়িটা দক্ষিণ-পূর্বমুখী। ব্রোশিওরের তীর নয়, কম্পাসের কাঁটা মানুন।
- ঈশান কোণ খালি আর আলো-ভরা রাখুন। উত্তর-পূর্ব কোণেই ঠাকুরের আসন পাতার সবচেয়ে ভালো জায়গা। ইনভার্টার, জুতোর র্যাক বা ভারী আলমারি সেখানে যেন না বসে।
- ঈশানে বাথরুম থাকলে। ফ্ল্যাটে এটা খুব চেনা দোষ। প্রথমে সহজ প্রতিকার দিই: দরজা সবসময় বন্ধ, জায়গাটা শুকনো আর পরিষ্কার। তারপর বাসিন্দাদের কুণ্ডলী দেখি, মূলত দ্বিতীয় ঘর। সেখানে খারাপ ফল দেখালে বাথরুমটা সরাতেই হবে; না হলে অ্যাস্ট্রো-বাস্তুর কিছু বদলে অনেকটা স্বস্তি মিলতে পারে।
- দুধ ওথলানোর আগে উনুনের জায়গা দেখুন। দক্ষিণ-পূর্ব বা উত্তর-পশ্চিম ঠিক আছে। উনুন ঈশানে পড়লে ঢোকার আগেই আমাকে জানান।
- মাঝখানটা ফাঁকা রাখুন। ফ্ল্যাটের মাঝের অংশে বাক্সের স্তূপ বা ভারী আসবাব রাখবেন না, অন্তত পুজোর দিন।
- ভারী জিনিস আগে দক্ষিণ-পশ্চিমে। খাট, আলমারি, সিন্দুক প্রথমে নৈর্ঋত কোণের ঘরে ঢোকান, তারপর বাকিটা।
হস্তান্তরের দিন কী কী দেখবেন, তার লম্বা তালিকা আর তিন রকম গৃহপ্রবেশের কথা আছে আমার griha pravesh Vastu checklist পাতায়, ইংরেজিতে।
অনলাইনে বা কলকাতায় সামনাসামনি
অনলাইন বাস্তু সেশনের জন্য তিনটে জিনিস পাঠান: দরজায় দাঁড়িয়ে ভেতরের দিকে মুখ করে নেওয়া কম্পাসের রিডিং, পুরো ফ্ল্যাটের নকশা (না থাকলে মাপমতো হাতে আঁকা ছবি), আর গুগল লোকেশন। ৪৫ মিনিটের কলে ষোলোটা দিক ধরে ধরে দেখি, তারপর ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত রিপোর্ট, কী পেলাম আর কী প্রতিকার। এক ফ্ল্যাট বা এক তলার জন্য ফি ₹১,৪৯৯। গৃহপ্রবেশের দিন কুণ্ডলী থেকে বাছাও একটা জ্যোতিষ কল, সেটাও ₹১,৪৯৯।
২৭ ডিসেম্বর ২০২৬ থেকে ১০ জানুয়ারি ২০২৭ আমি কলকাতায় থাকব, তখন সামনাসামনি বসা যাবে। ফাল্গুনের দিনগুলোর ঠিক আগে নতুন ফ্ল্যাট নিয়ে কথা বলার এটা ভালো সময়। কলকাতার বাড়ির বাস্তু নিয়ে আমার কাজের কথা আছে কলকাতায় বাস্তু পরামর্শ পাতায়।
কলকাতায় ২৭ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি থাকার সময় আমি নিজে গিয়ে আপনার বাড়ি, ফ্ল্যাট বা অফিসের বাস্তু দেখতে পারব; খরচ জানতে আগে মেসেজ করবেন। অনলাইন সেশন ₹১,৪৯৯-এ যেমন চলছে, তেমনই চলবে।
প্রশ্নোত্তর
২০২৭-এ বাংলা পঞ্জিকায় গৃহপ্রবেশের দিন এত কম কেন?
বাংলা পঞ্জিকা গৃহপ্রবেশে খুব কড়া। পৌষ আর চৈত্র এমনিতেই বাদ যায়, আর বাকি মাসে তিথি, নক্ষত্র, বার সব একসঙ্গে মিলতে হয়। এবার মাঘে সেরকম একটা দিনও মেলেনি। তাই ১ জানুয়ারি থেকে মধ্য-এপ্রিলের মধ্যে ১৪৩৩-এর পঞ্জিকায় দিন দাঁড়িয়েছে চারটে, সবকটা ফাল্গুনে।
ফ্ল্যাটের চাবি পৌষ বা মাঘে পেলে কী করব?
চাবি নিন, কাগজপত্র সারুন, রং আর কাঠের কাজ শুরু করে দিন। বাড়িতে থাকা শুরু করবেন না, আনুষ্ঠানিক গৃহপ্রবেশ রাখুন ফাল্গুনের কোনও একটা দিনে। ভাড়ার চাপ থাকলে আমাকে বলুন, তখন সবচেয়ে কম ক্ষতির দিন আর সময় খুঁজে দেব।
পুরনো বাড়ি সারিয়ে আবার ঢুকলেও কি পঞ্জিকার দিন দেখতে হয়?
হ্যাঁ, তবে নতুন বাড়ির মতো অতটা কড়া নয়। বড় মেরামত, ছাদ ঢালাই বা ঘর ভেঙে নতুন করে সাজানোর পর ফেরার জন্য একটা ভালো দিন দেখা নিয়ম। কলকাতার পুরনো পারিবারিক বাড়িতে এটা প্রায়ই লাগে।
গৃহপ্রবেশ সকালে না সন্ধ্যায়, কোনটা ভালো?
এ বছরের চারটে দিনে পঞ্জিকা সময় দিয়েছে দিনের বেলায়, যেমন ১৮ ফেব্রুয়ারি দুপুর ২:৪১ পর্যন্ত। তাই সকালই ভালো। সেই সময়ের মধ্যেই দরজা পেরিয়ে ঢোকা জরুরি; পুজো আর খাওয়াদাওয়া পরে চলতে পারে।
মে বা জুন ২০২৭-এ ঢুকতে চাইলে দিন কবে জানব?
১৪৩৪ সালের পঞ্জিকা বেরোলে। আন্দাজের তারিখ আমি দিই না, কারণ এখন অনলাইনে যে তালিকা ঘুরছে সেগুলো একে অপরের সঙ্গে মেলে না। নতুন পঞ্জিকা হাতে এলেই বৈশাখ থেকে অগ্রহায়ণের দিন এখানে যোগ করব।
দিন আর বাড়ি, দুটোই দেখিয়ে নিন
ফ্ল্যাটের নকশা, কম্পাসের রিডিং আর বাড়ির কর্তার জন্মের তারিখ, সময়, জায়গা একসঙ্গে পাঠান। কথা হবে বাংলায়। সময় বুক করুন, বা হোয়াটসঅ্যাপ ও ফোন করুন +91 74838 52618 নম্বরে, সকাল ৯টা থেকে রাত ৮টা। একই বছরে বাড়িতে বিয়ের কথা চললে তার দিন পাবেন বিয়ের তারিখ ২০২৭ পাতায়।




